‘ফিলিস্তিনিদের ফেসবুক’ চালাচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী
ফেইশল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করে ফিলিস্তিনিদের উপর নজর রাখছে ইসরায়েলের সামরিক বাহিনী। স্মার্টফোন ব্যবহার করে তোলা ফিলিস্তিনিদের ছবি ইসরায়েলি ডেটাবেজে সংরক্ষণের মাধ্যমে ইসরায়েলি বাহিনী সিদ্ধান্ত নিচ্ছে ফিলিস্তিনিদের মধ্যে কাকে গ্রেপ্তার করা হবে আর ছেড়ে দেওয়া যাবে কাকে।
ইসরায়েলি সামরিক বাহিনীর সাবেক সদস্যদের বরাত দিয়ে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গত দুই বছর ধরে ‘ব্লু উলফ’ নামের একটি স্মার্টফোন প্রযুক্তির ব্যবহার করে পশ্চিম তীরের কয়েক হাজার ফিলিস্তিনির ছবি তুলে জমা করা হয়েছে একটি ডেটাবেজে। এজন্য সৈনিকদের মধ্যে সবচেয়ে বেশি ছবি তোলার একাধিক “প্রতিযোগিতা” আয়োজন করে ইসরায়েলের সামরিক বাহিনী। আর ওই ডেটাবেজটি এখন কার্যত “ফিলিস্তিনিদের ফেসবুক” হয়ে উঠেছে।
বস্তুত প্রায় একই ধরনের প্রযুক্তির প্রয়োগ চলছে বিশ্বের বেশ কয়েকটি দেশে। তবে সবখানেই বিতর্কিত হয়েছে এর ব্যবহার। উইঘুরদের উপর নজর রাখতে একই ধরনের ফেইশল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করছে চীন। ট্রেইন স্টেশনের লেনদেন প্রক্রিয়ায় ফেইশল রিকগনিশন প্রযুক্তি যোগ করেছে রাশিয়া। অন্যদিকে, স্কুল শিক্ষার্থীদের জন্য ফেইশল রিকগনিশন প্রযুক্তি নির্ভর লেনদেন ব্যবস্থা চালু করে সম্প্রতি বিতর্কিত হয়েছে যুক্তরাজ্য।